নিজস্ব প্রতিবেদক ।। বন পরিবেশ, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন পরিবেশ ধ্বংস হয়—এমন কোনো কাজ বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর হবে।
সেই অনুযায়ী সারা দেশে এ বছর গাছের চারা লাগানো হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে এ বছর ২৩ লাখ ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারীতে আরও গাছের চারা লাগানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ।
তিনি শনিবার ফটিকছড়ির হাজীরখীল বন্যপ্রাণী অভয়ারন্য এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন। এসময় তিনি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে হাজীরখীলের প্রাকৃতিক পরিবেশ, বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।
গাছ পাচার ও বন উজাড়ের বিষয়ে তিনি বলেন, পরিবেশ ধ্বংস হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। বন বিভাগ যেসব জায়গা দখলমুক্ত করতে কাজ করছে, সেখানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার সীতাকুন্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, শিপইয়ার্ডে মৃত্যু দুঃখজনক। এটি ঝুঁকিপূর্ণ শিল্প। যারা এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তাহলে আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি।
এর আগে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ সরোয়ার আলমগীরসহ প্রশাসনের কর্মকর্তারা হাজীরখীল বন্যপ্রাণী এলাকা পরিদর্শন করেন ।
স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, নির্বাচনের আগেও বলেছিলাম, খনিজ ও বনজ সম্পদে সমৃদ্ধ ফটিকছড়ি একটি সমৃদ্ধিশালী ফটিকছড়ি। রাজনৈতিক নেতৃত্বের কারণে আমরা জাতি ও বাংলাদেশকে এর সঠিক পরিচয় করিয়ে দিতে পারিনি। ইনশাআল্লাহ, আজকে মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আমাদের ফটিকছড়ির বনাঞ্চল ঘুরে দেখেছেন।’
তিনি আরও বলেন, আমি আশা করবো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফটিকছড়ির খনিজ ও বনজ সম্পদের বিষয়ে অবহিত করবেন। বর্তমানে যে গ্যাস সংকট রয়েছে, তা নিরসনে ফটিকছড়ি থেকে আরও গ্যাস উত্তোলনের সুযোগ রয়েছে।’
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহীম, আহমেদ হোসেন তালুকদার, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, ওসমান চৌধুরীসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক/জিবি/জেএম




