২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশ গঠনে আলেমদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দেশ গঠনে আলেমদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ।। দেশ গঠনে আলেমদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে। এ কাজে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

আলেমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় সবাই একসঙ্গে থেকে যে ভূমিকা রেখেছেন এবং দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে একটি বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো এবং দোয়া করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে মাদ্রাসায় আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, সমস্যা এখনো শেষ হয়ে যায়নি।’ ফ্যাসিবাদের সময় মানুষের ওপর অত্যাচার, দুঃখ-কষ্ট ও দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পরিস্থিতির প্রভাব দেশের বাইর থেকেও বিভিন্নভাবে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হুজুরের কাছে দোয়া নিতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচনের পর আল্লাহর রহমতে সরকার গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পন্ন করেছে। এরপর রমজান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ততার কারণে আসতে কিছুটা দেরি হয়েছে।

তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এসব বিষয় সামাল দিতে সরকারকে সময় দিতে হয়েছে। তবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হবে। ‘আমরা নিজেরা ভালো থাকতে চাই, আমাদের পরিবার ভালো থাকুক, আমাদের সম্প্রদায় ভালো থাকুক- এটাই আমাদের প্রত্যাশা।’

দেশের মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের জন্য স্কুল-কলেজে নিরাপদ ও সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, অঙ্গীকার পূরণে তিনি বদ্ধপরিকর। একজন মুসলমান হিসেবে অঙ্গীকার রক্ষা করা নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। কথা রাখতে না পারলে কাজের কোনো মূল্য থাকে না।

বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে একান্ত সাক্ষাতের পর আলেমদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

এর আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মোড় সিএন্ডবি মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বাসযোগে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান। মাদ্রাসায় প্রবেশের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রী তাঁকে বুকে জড়িয়ে ধরেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হেফাজতে ইসলামের আমির; একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মতবিনিময় সভায় সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মুহাম্মদ হেলালউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী প্রমূখ।

হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজত আমিরের ছেলে মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মহিউদ্দিন এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা আজিজুল হক ইসলামীবাদী।

ডেস্ক/জিবি/জেএম            

11 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........