ডেস্ক রিপোর্ট ।। ফটিকছড়ির শান্তিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় সংঘঠিত অগ্নিান্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণ ভূস্মিভূত হয়েছে। উপজেলার শান্তিরহাট বাজারের বড়ইতলী সড়কের শহীদ বেকারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বেকারীর মালিক শহীদ। সকাল থেকে টানা মূষলধারে বৃষ্টির মাঝেও আগুনের লেলিহানশিখা তীব্র থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের।
এসময় পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছিটিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডেরর প্রায় এক ঘন্টা পর ফটিকছড়ি থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন পুরোপরি নিয়ন্ত্রন করে। ততক্ষনে বেকারীর মালিক শহীদের প্রায় ২৫ লাখ টাকার সম্পদ আগুনের লেলিহান শিখায় ধংসস্তুপে পরিণত হয়।
বেকারীর মালিক শহীদ জানান, দুপুর সোয়া বারোটার দিকে তিনি কারখানার বাইরে গেলে একজন কর্মচারী তাকে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে তিনি দৌঁড়ে বেকারীতে আসতে আসতে ততক্ষনে পুরো কারখানা আগুনে ঘ্রাস করে ফেলে। মুহুর্তেই ছালির ধংসস্তুপে পরিণত হয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের কারণে আগুনের সুত্রপাত বলে জানান তিনি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দেরিতে ঘটনাস্থলে আসায় দমকল বাহিনীর সদস্যদের উপর ক্ষুব্ধ হন স্থানীয় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ফটিকছড়ির ষ্টেশনের ইনচার্জ পংকজ কুমার বড়ুয়া বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে রওয়ানা দিই। উপজেলা সদর থেকে আসতে কিছুটা সময় লাগে। তবুও আমরা বাকী আগুন নেভানোর কাজ করছি। কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।
জিবি/জেএম/ডেস্ক





