নিজস্ব প্রতিবেদক ।। ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। ভাংচুর হয়েছে ঘর দুয়ারসহ বাড়ীর আসবাবপত্র। লুটপাট করা হযেছে নগদ টাকা স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র। বুধবার ভোর রাতে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে ৪০/৫০ জনের হেলমেট পরিহিত একদল যুবক প্রবাসী রিদুয়ানের ঘরে হামলা করে ভাংচুর করতে থাকে। এ সময় প্রবাসীর মা ও স্ত্রী তাদের বাঁধা দিলে তারা চুরি দিয়ে তাদের হামলা করতে উদ্যত হয়। কেড়ে নেয় মুঠোফোন। ড্রিল মেশিন দিয়ে দরজা জানালা কাটতে থাকে। রিদুয়ানের মা রেনু আকতার বলেন, সন্ত্রাসীরা আমার মোবাইল কেড়ে নেয়। আশ পাশের সব ঘরে তারা তালা মেরে দেয়। তারা সবাই হেলমেট পরিহিত ছিল। কারো কারো মুখ খোলা ছিল। তারা আমার পুত্রবধু ও আমাকে মারধর করতে চাইলে আমরা পাশের ঘরে আশ্রয় নিই। জরুরী সেবার হটলাইন নাম্বার ৯৯৯তে ফোন করলে ফটিকছড়ি থানার পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ীর রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা সংঘঠিত হয়েছে বলে জানান স্থানীয়রা।
ডেস্ক/জেএম/জিবি







