৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে পৃথক ঘটনায় গৃহবধূ ও ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি সহিংস ঘটনায় এক গৃহবধূ ও এক খামারি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । শনিবার (১০ মে) জা-দের পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক গৃহবধূ রক্তাক্ত জখম হন। অন্য ঘটনায় মহিষ আত্মসাতের বিরোধে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উভয় ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে বড় জা রেশমী চৌধুরীর সঙ্গে ছোট জা ইসরাত ফারহানা দিপ্তীর (৩০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেশমী ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দিপ্তীকে আঘাত করলে তার দুই হাতে মারাত্মকভাবে জখম হয়। আহতের পরিবারের দাবি, দিপ্তীর বাম হাতের একটি রগ কেটে গেছে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের স্বামী আব্দুর রহমান জানান, হাতাহাতির ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে লেলাং ইউনিয়নের চারালিয়াহাট বাজার এলাকায় মহিষ সংক্রান্ত বিরোধে খামারি মো. আবু তৈয়বের (৩৮) ওপর হামলার ঘটনা ঘটে। তৈয়বের অভিযোগ, দমদমা এলাকার ইব্রাহিম খলিল খোকন তার কেনা একটি মহিষ আত্মসাতের চেষ্টা করে। বাজারে যাওয়ার পথে খোকন রাম দা দিয়ে তার মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় তৈয়বের ব্যাগ থেকে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

47 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........