ডেস্ক রিপোর্ট ।। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিনের জল্পনার পর দলে ফিরেছেন অভিজ্ঞ তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় দিবাগত দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার লড়াই শেষে বিশ্বকাপ দলে ফিরলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে তাঁর গোল ৭৯টি।
দল ঘোষণার আগে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে নেইমারকে বিবেচনায় নেওয়া হবে না। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বিশ্বকাপের বিমানে জায়গা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের শেষ সাফল্য ২০০২ সালে। এরপর পাঁচটি আসর কেটে গেলেও আর শিরোপার দেখা পায়নি সেলেসাওরা।
২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা এখনও তাড়া করে দলটিকে। তাই উত্তর আমেরিকার মাটিতে এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নামবে ব্রাজিল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হওয়া এই বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ব্রাজিল। গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও পানামা। টুর্নামেন্ট শুরুর আগে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।
।ডেস্ক/জিবি/জেএম









