
নিজস্ব প্রতিবেদক ।। চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মানবিক উত্তর ফটিকছড়ি’। মঙ্গলবার (১২ মে) সকালে দাঁতমারা ইউনুচ কনভেনশন হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানবিক উত্তর ফটিকছড়ির উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি ও শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার।
মাষ্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাওলানা জহুরুল হক,
মানবিক উত্তর ফটিকছড়ির পরিচালক হাসান শামসুদ্দিন, মাষ্টার আবু তৈয়ব, ইলিয়াছ মেম্বার, প্রিন্সিপাল জহুরুল ইসলাম হোসাইনি, মাওলানা জাহাঙ্গীর আলম, মাষ্টার আব্দুস সাত্তার, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহমুদ পারভেজসহ অন্যরা।
অনুষ্ঠানে উত্তর ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের ২৫ জন অসচ্ছল নারীর মাঝে যাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
ডেস্ক/জিবি/জেএম







