৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা : নারী আটক

নিজস্ব প্রতিবেদক ।। ফটিকছড়িতে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা করেছে সালমা আকতার নামের এক নারী। ক্রেতা সেজে জুয়েলারির দোকানে ঢুকে সোনা লুটের চেষ্টাকারী ওই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১২ মে) দুপুরে পৌর সদরের বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

‎আটক সালমা আকতার উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

‎জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে বোরকা পরিহিত ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করেন। পরে কর্মচারীদের বিভিন্ন ধরনের সোনার হার, চুড়ি ও কানের দুল দেখাতে বলেন। একপর্যায়ে প্রদর্শনের জন্য বের করা গয়না সামনে থাকতেই তিনি বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া বের করে দোকানের তিন কর্মচারীর চোখেমুখে ছিটিয়ে দেন। এ সময় প্রায় সাড়ে তিন ভরি ওজনের সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

‎তবে চোখে জ্বালা নিয়ে হিমশিম খেলেও কর্মচারীরা তাঁকে দোকান থেকে বের হতে দেননি। এক কর্মচারী কৌশলে তাঁর হাত চেপে ধরলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়।

‎দোকানের মালিক সুমন ধর বলেন, মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কর্মচারীদের তৎপরতায় সব গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে আগের দিনও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। তাঁকে থানাহাজতে রাখা হয়েছে। মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডেস্ক/জিবি/জেএম

29 Views

শেয়ার করুন:

Facebook
WhatsApp

সার্চ করুন........