নিজস্ব প্রতিবেদক ।। বুধবার সকালে টানা ভারি বর্ষনের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে ফটিকছড়ি উত্তর উপজেলার বেশ কয়েকটি নীচু এলাকা প্লাবিত হয়েছে। এতে করে উত্তর উপজেলার দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।তলিয়ে গেছে এ দুই ইউনিয়নের গ্রামীন সংযোগ সড়ক, কৃষি ও সবজি ক্ষেতসহ বেশ কয়েকটি মৎস ঘের।এতে দুর্ভোগে পড়েছে এসব নিন্ম এলাকায় বসবাসকারী মানুষ। সকালের টানা বর্ষনে ৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া চট্টগ্রাম অফিস।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সকালের টানা ভারি বর্ষনে উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের মুসলিম পাড়া, কেচিয়া, বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া, বড়বিল, মতিন নগর, আলমপুর, চিকনেরখীল, গজারিয়া, পানুয়া, পুরান রামগড় ,লালমাই,রাজারঘাট এলাকা ব্যাপক প্লাবিত হয়। সৃষ্ট পাহাড়ি ঢলে এসব এলাকার ধানক্ষেত,বিভিন্ন ধরনের শাক সবজিক্ষেত, পেপে বাগান, মৎস ঘের পানিতে তলিয়ে যায়। বাগান বাজার ইউনিয়নে প্রায় ৬০ হেক্টরের মত কৃষি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানান উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ। এ ছাড়া এসব এলাকার গুরুত্বপূর্ণ অধিকাংশ গ্রামীন সড়ক পাহাড়ির ঢলে ভেঙ্গে গিয়ে জন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তলিয়ে গেছে বেশ কয়েকটি কালভার্ট ও বক্সকালভার্ট। স্রোতের পানি প্রবেশ করায় বেশ কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। হঠাৎ টানা বর্ষনের সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়া এসব ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম। তিনি বলেন, হঠাৎ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপন করে সরকারীভাবে সহায়তার ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রামীন সড়ক গুলো দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহন করা হবে।






