ডেস্ক রিপোর্ট ।। ফটিকছড়ির বাগান বাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছে ছোট ভাই জয়নাল (৩০) এ ঘটনায় শাহজাহান ও দিদার নামের অপর দুইজন আহত হয়েছে| শনিবার সকালে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে| এ সময় স্থানীয় জনতা নিহতের বড়ভাই জাফরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে|
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ নিহত জয়নালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরন করেছে| নিহত জয়নালের ৮ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে| তিনি পেশায় ভাড়ায় মোটর সাইকেল চালক| মর্মান্তিক এ ঘটনার পর পুরো বাড়ীতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়|
নিহত জয়নালের ভাই জহির জানান, তাঁর বড় ভাই জাফর আগ থেকেই মাদক ব্যবসাসহ মাদক সেবনের সাথে জড়িত| পারিবারিক ছোটখাট যে কোন বিষয়ে ঝগড়া হলে জাফর দা ছুরি নিয়ে পরিবারের সদস্যদের সাথে আক্রমনাত্মক আচরণ করত| শনিবার সকালে জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে স্থানীয় নুরুল ইসলামের দোকানের সামনে শাহজাহানের সাথে জাফরের বাকবিতন্ডা হয়| এ সময় জাফর উত্তেজিত হয়ে শাহজাহানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে| বিষয়টি নিয়ে শাহজাহান জাফরের পিতা ইলিয়াছকে অভিযোগ জানাতে তাদের বাড়ীতে গেলে জাফর পূনরায় শাহজাহানের উপর হামলা করে| এ সময় জাফরের পিতা ইলিয়াছ এবং তার ছোট ভাই জয়নাল তাকে বাধা দেয়ার চেষ্টা করে| তখন জাফর তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জয়নালকে উপর্যপুরি ছুরিকাঘাত করলে জয়নাল মাটিতে লুটিয়ে পড়ে| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরশরাই উপজেলার বারৈয়ারহাটে একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে|
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজন সেখানে এসে ভিড় জমায়| তারা এঘটনার সাথে জড়িত জাফরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন| আটক জাফর বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে|
এ ব্যাপারে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মেবারক হোসেন খাঁন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন ˆতরি করেছি| নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে| এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান |
ডেস্ক/জিবি/জেএম







